
বার্তা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী এই প্রথমবার বাংলাদেশের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক নিরাপত্তা ও জলবায়ু সম্মেলনে যোগ দিতে জার্মানি পৌঁছেছেন । বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১০) জার্মানির মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এ সময় জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। শেখ হাসিনা সপ্তাহব্যাপী জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরের জন্য বৃহস্পতিবার সকালে ঢাকা ত্যাগ করেন।
Thank you for reading this post, don't forget to subscribe!জার্মানি এবং সংযুক্ত আরব আমিরাতে ছয়দিন সরকারি সফর করবেন তিনি। টানা তৃতীয়বারসহ বাংলাদেশের ইতিহাসে একমাত্র চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের নতুন সরকার গঠনের পর প্রথমবারের মতো বিদেশ সফরে গেলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানি থেকে ফেরার পথে ইউএই যাবেন এবং ১৭ ফেব্রুয়ারি আবুধাবিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী-২০১৯-এ যোগ দেবেন। ইউএই সফরকালে শেখ আহমেদ দালমোক আল মাকতুমের বেসরকারি কার্যালয়ের সাথে বিনিয়োগ নিয়ে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল, বিদ্যুকেন্দ্র ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট অন্য কোনো প্রকল্প বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) মাতারবাড়িতে ৩০০ একর জমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনে দ্বিতীয় সমঝোতা স্মারকে সই করবে।
জার্মানিতে অবস্থানকালে শেখ হাসিনা বৃহস্পতিবার রাতে হোটেল শেরাটনে ইউরোপিয়ান আওয়ামী লীগের একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। শুক্রবার সকালে তিনি হোটেল বায়েরিসচের হোফে এমএসসি, সেন্টার ফর স্ট্র্যাটেজিস অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) আয়োজিত ‘হেলথ ইন ক্রাইসিস ডব্লিউএইচও কেয়ারস’ শিরোনামে স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। অনুষ্ঠান শেষে পারমাণবিক অস্ত্র ধ্বংস বিষয়ক আন্তর্জাতিক প্রচারণা সংস্থার নির্বাহী পরিচালক বিয়াট্রিস ফিন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর ড. বেনসৌদা তার সাথে পৃথক সাক্ষাৎ করবেন। বিকেলে শেখ হাসিনা হোটেল বায়েরিসচের হোফের কনফারেন্স হলে এমএসসির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। পরে সিমেন্স এজি’র প্রেসিডেন্ট ও সিইও জো কায়েসের এবং ভেরিদোসের সিইও হ্যান্স উলফগ্যাং কুঞ্জ তার সঙ্গে পৃথকভাবে দেখা করবেন। প্রধানমন্ত্রী হোটেল বায়েরিসচের হোফে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভাপতি বোর্চ ব্রেন্ডে ও জিগসাওয়ের সিইও জারেড কোহেনের আয়োজনে এক নৈশভোজে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী শনিবার বিকেলে তিনি হোটেল বায়েরিসচের হোফে ‘ক্লাইমেট চেইঞ্জ এজ এ সিকিউরিটি থ্রেট’ শীর্ষক প্যানেল আলোচনায় যোগ দেবেন। একই দিন স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে শেখ হাসিনা আবুধাবির উদ্দেশ্যে ইতিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন।
প্রধানমন্ত্রী রোববার সকাল ৬টা ৪৫ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন এবং সেখানে তাকে স্বাগত জানাবেন ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। শেখ হাসিনা সকাল ১০টায় আবুধাবি জাতীয় প্রদর্শনী কেন্দ্রে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। পরে তিনি আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ানের সাথে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী ইউএই’র উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পরে তিনি ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী সোমবার বিকেলে আল বাহার প্রাসাদে ইউএই’র স্থপতি ও প্রথম রাষ্ট্রপতি এবং আবুধাবির শাসক প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্ত্রী শেখা ফাতেমা বিন্তে মোবারক আল কিতবির সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে তিনি সেন্ট রেজিস আবুধাবি হোটেলের বল রুমে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী মঙ্গলবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন। সফর শেষে আগামী বুধবার মাননীয় প্রধানমন্ত্রীর দেশে ফিরবেন বলে জানা যায়।
সূত্র: মানবকণ্ঠ

