Tuesday, June 23বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

দেশেই জীবপ্রযুক্তি বিষয়ক গবেষণাগার হচ্ছে ব্যায় ১৫০০ কোটি টাকা

শাকিল আহমেদ: স্বাস্থ্য সেবাকে আরো মানুষের ধারে পৌচে দিতে ও সর্বাধুনিক স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হচ্ছে। ‘বঙ্গমাতা ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টার’ নামে জীবপ্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক মানের সব সুযোগ-সুবিধা সম্পন্ন এই গবেষণাগার স্থাপিত হবে। রাজধানী ঢাকার উত্তর সিটি করপোরেশনের আওতায় মহাখালীতে এই প্রতিষ্ঠানের স্থান ঠিক করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, দেশীয় ও আন্তর্জাতিক মানের সব পর্যায়ের গবেষকদের একসঙ্গে কাজ করার একটি পাটাতন তৈরি করা এবং চিকিৎসাশাস্ত্রে নতুন নতুন গবেষক তৈরি ও প্রশিক্ষণের ব্যবস্থা করাই এই গবেষণাগার নির্মাণের মূল উদ্দেশ্য। একই সঙ্গে দেশের চিকিৎসা গবেষণা উন্নত বিশ্বের সমপর্যায়ে নিয়ে যাওয়া ও রোগ নির্ণয়ের মাধ্যমে স্বল্প ব্যয়ে দেশের মানুষের চিকিৎসা সেবা প্রদানে সহায়তা করার ক্ষেত্রে এই রিসার্চ সেন্টার উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
এই গবেষণাগারে সংক্রামক ও অসংক্রামক রোগের জেনেটিক প্যাটার্ন এবং এ সম্পর্কিত গবেষণা চালানো যাবে। দেশের মানুষের চিকিৎসার প্রয়োজনে রোগ, রোগীর তথ্য ও উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ ও গবেষণা এবং আধুনিক জীবপ্রযুক্তি ব্যবহার করে দেশের ওষুধ ও খাদ্য শিল্পের উন্নয়নে সহায়তা করাই হবে এই সেন্টারের কাজ।
ইতোমধ্যেই বঙ্গমাতা ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টার স্থাপন সংক্রান্ত একটি প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫০৬ কোটি ৯৭ লাখ টাকা। এর পুরোটাই সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়- স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ কর্তৃক এই প্রকল্প বাস্তবায়িত হবে। প্রকল্পটি বাস্তবায়নে সময় ধরা হয়েছে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে- একটি মেধাবী, সুস্থ ও দক্ষ জাতি গঠনের লক্ষ্যে বর্তমান সরকার টেকসই উন্নয়নের রোল মডেল স্বরূপ ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার জন্য ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ বাস্তবায়ন করে চলেছে। যেখানে শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসেবা উন্নয়নকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রায় সাড়ে ষোল কোটি জনসাধারণ অধ্যুষিত এই দেশের অধিকাংশ মানুষ বিভিন্ন রোগ-ব্যধিতে আক্রান্ত। দেশে একদিকে যেমন স্বাস্থ্য সচেতনতার অভাব রয়েছে, অন্যদিকে যুগোপযোগী রোগ নির্ণয় পদ্ধতি ও উন্নত প্রযুক্তির (মলিকুলার ও সেলুলার) মাধ্যমে রোগ শনাক্তকরণের সুবিধার অভাব রয়েছে। এর ফলে মানুষ বিভিন্ন ধরনের সংক্রামক ও অসংক্রামক রোগের যথাযথ নির্ণয় ও চিকিৎসা সেবা হতে বঞ্চিত হচ্ছে। এর কারণে দেশের অর্থনৈতিক উন্নয়নেও নেতিবাচক প্রভাব পড়ছে। দেশে এখন পর্যন্ত সুসংগঠিত ও প্রযুক্তি নির্ভর কোনও চিকিৎসা গবেষণা কেন্দ্র গড়ে ওঠেনি, যেখানে রোগ নির্ণয়সহ যাবতীয় তথ্য উপাত্ত সংরক্ষণে ব্যবস্থা থাকবে। বাংলাদেশে চিকিৎসক, গবেষক ও নীতি-নির্ধারকরা এদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তবে, আধুনিক চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন সূচিত হচ্ছে। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় রোগ শনাক্তকরণের জন্য এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতকরণের জন্য ল্যাবরেটরি পরীক্ষার পাশাপাশি জেনেটিক ও মলিকুলার অ্যানালাইসিস করা হচ্ছে। প্রতিটি রোগের জেনেটিক প্যাটার্ন অ্যানালাইসিস করে পার্সোনালাইজড ড্রাগ থেরাপি দেওয়া হচ্ছে। তাই, দেশের স্বাস্থ্য সেবাকে বিশ্বমানে উন্নীত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ প্রকল্পের আওতায় ১৬ তলা বিশিষ্ট গবেষণা ভবন নির্মাণ করা হবে। একই সঙ্গে ১০ তলা বিশিষ্ট কনভেনশন সেন্টার ও একটি ডরমিটরিও নির্মাণ করা হবে। ৫ তলা বিশিষ্ট বৈদ্যুতিক সাব স্টেশন, ৫ তলা বিশিষ্ট লিকুইড নাইট্রোজেন প্ল্যান্ট, ২ তলা বিশিষ্ট আউটডোর কিচেন বিল্ডিং, ৫ তলা বিশিষ্ট অ্যানিম্যাল প্ল্যান্ট বিল্ডিং, ২ তলা বিশিষ্ট ওয়েস্ট ডিজপোজাল প্ল্যান্ট বিল্ডিং, সংযোগ করিডোর ও সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। এছাড়াও আধুনিক গবেষণা সরঞ্জাম, যানবাহন, অফিস সরঞ্জাম ও আসবাবপত্র, চিকিৎসা বিষয়ক বই পুস্তক, সংগ্রহ করা হবে।
এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, দেশের স্বাস্থ্য সেবার ব্যাপক অগ্রগতি হয়েছে। তবে এখনও অনেক কিছুই আন্তর্জাতিক মানের নয়, বিশেষ করে গবেষণা। এটিকে আরও উন্নত করতেই বঙ্গমাতা ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টার গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তিনি আরও বলেছেন, এই সেন্টারটি পুরোপুরি গড়ে উঠলে দেশের চিকিৎসাসেবা আরও একধাপ এগিয়ে যাবে এবং চিকিৎসার মান আরো বাড়বে।
সূত্র: বাংলা ট্রিবিউন

Thank you for reading this post, don't forget to subscribe!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *