
মানবতার অবক্ষয়ে সয়লাব যুবকরা, অল্পতেও খুন চট্টগ্রাম সীতাকুন্ডে মাত্র ৫ টাকার সিগারেট বকেয়া না দেওয়ায় এক বৃদ্ধ দোকানিকে খুনের অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম মুছা (৬০)। তিনি উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর আবুর পুকুর পাড় গ্রাম এলাকার নুরুল আলম ডাক্তার বাড়ির মৃত আবদুল হাবিবের ছেলে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের আবুপুকুর পাড় এলাকার চায়ের দোকানি বৃদ্ধ নুরুল ইসলাম মুছা তার দোকানে বসে বেচাকেনা করছিলেন। এসময় স্থানীয় মোশারফ নামক এক যুবক দোকান থেকে ৫ টাকার সিগারেট ক্রয় করে টাকা পরে দেবে জানিয়ে চলে যেতে উদ্যত হয়। ঐ দোকানি পূর্বেও মোশারফের কাছে টাকা পাওনা ছিলেন। ফলে দোকানি তাকে আর বকেয়া দেওয়া যাবে না বলে জানিয়ে দেন। এ নিয়ে বাকবিত-া শুরু হলে এক পর্যায়ে মোশারফ বৃদ্ধ মুছাকে বুকে ঘুষি মারে। এতে বৃদ্ধটি ঢলে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ঘটনার সময় দোকানে উপস্থিত বৃদ্ধ মুছার ছেলে জুয়েল অভিযোগ করে জানায় রবিবার দুপুরে স্থানীয় বখাটে সন্ত্রাসী মোশারফ ৫ টাকার সিগারেট কিনে টাকা পরে দেবে জানালে বাবা তাতে আপত্তি করেন। কারণ, মোশারফের কাছে আমাদের আগেরও ১৩০ টাকা পাওনা আছে। কিন্তু সে ঐ টাকা না দিয়ে শনিবারও বকেয়া করে। আবার রবিবারও বকেয়া করলে বাবা দিতে অস্বীকৃতি করে। এতে মোশারফ বাবার বুকে ঘুষি মারলে তিনি পড়ে যান। পরে আমরা সীতাকু- সরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেছেন। নিহত মুছার আরেক ছেলে রেজাউল করিম সুজন বলেন, মোশারফ ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে এলাকায় নানান অপকর্ম করে। গায়ের জোরে সে টাকা না দিয়ে চলে চাইলে আগেরও পাওনা থাকায় বাবা দিতে রাজি হয়নি। এ কারণে বাবাকে ঘুষি দিয়ে মেরে ফেলে। আমরা আইনগত ব্যবস্থা নেব। হাসপাতালে লাশের সুরতহাল তৈরির কাজে থাকা সীতাকু- থানার এস.আই মো. শওকত হোসেন বলেন, আমি সুরতহালে শরীরে কোন আঘাতের চিহ্ন পাইনি। সন্ধ্যায় লাশ পোস্টমর্টেমের জন্য প্রেরণ করা হয়েছে। পোস্টমর্টেমের পর আমরা বুঝতে পারব কিভাবে মারা গেছে। সীতাকু- থানার ওসি মো. দেলওয়ার হোসেন বলেন, আমরা যতদূর শুনেছি বৃদ্ধ লোকটিকে ঘুষি ও ধাক্কা দেওয়ায় তিনি মারা গেছেন। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের হবে। এদিকে অভিযুক্ত যুবক মোশারফ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমি ঐ বৃদ্ধকে স্পর্শও করিনি। যা কিছু হয়েছে তার ছেলের সাথে হয়েছে। তিনি ছেলের সাথে আমরা সমস্যা হচ্ছে দেখে উঠে আসার সময় পড়ে যান। আমি আর কিছু জানি না। প্রসঙ্গত, গত ২৮ দিনে সীতাকু-ে মোট ৪টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে একমাত্র সৎ মায়ের হাতে শিশু খুনের পর সেই হত্যাকারী মাকে জনতা ধরে পুলিশে দেওয়া ছাড়া অন্য কোন ঘটনার মূল হত্যাকারী ধরা পড়েনি। ফলে খুনের ঘটনা বেড়েই চলেছে বলে এলাকাবাসীর অভিমত। সুত্র: পূর্বকোন

