
বার্তা প্রতিনিধি: বিশ্বকে হার মানিয়ে এবার বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সুন্দরী খোঁজার আয়োজন ‘মিস ইউনিভার্স’। আয়োজনটির চূড়ান্ত পর্বে প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন সাবেক ‘মিস ইউনিভার্স’ ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।
Thank you for reading this post, don't forget to subscribe!গত শনিবার বাংলাদেশের রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য দেয় ‘মিস ইউনিভার্স’ বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান। বাংলাদেশে বাছাই করা সেরা সুন্দরী ডিসেম্বরে কোরিয়ায় হতে যাওয়া ‘মিস ইউনিভার্স’-এর ৬৮তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক সংবাদ সম্মেলনে বাংলাদেশে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা সম্পর্কে জানান, আসছে ডিসেম্বরে কোরিয়ায় বসতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স’-এর ৬৮তম আসর। আর সেখানে প্রথমবারের মতো প্রতিনিধি পাঠাতে প্রস্তুত বাংলাদেশ।
প্রস্তুতির বিষয়ে এই আয়োজক আরও জানান, ইতোমধ্যে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে, যা শেষ হবে ১৪ সেপ্টেম্বর। ১৮ থেকে ২৮ বছর বয়সী অবিবাহিত নারীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
মিস সুন্দরী প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে বিচারক হিসেবে আরও থাকবেন বিপাশা হায়াত, রুবাবা দৌলা, মাহিন খান ও ফ্যাশন ডিজাইনার তুতলী রহমান।
তবে প্রতিযোগিতার শীর্ষ ১০ সুন্দরীকে নিয়ে ২৩ অক্টোবর ঢাকায় হবে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে। এতে বিচারক থাকবেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। বিজয়ীর মাথায় সাবেক এ বিশ্বসুন্দরীই পরাবেন বিজয়ের মুকুট।
সূত্র: সমকাল

