
বার্তা প্রতিনিধি: সম্প্রতি হয়ে যাওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকতকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Thank you for reading this post, don't forget to subscribe!জানা যায়, সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে খিলগাঁও এলাকায় পুলিশের বিশেষ শাখা-এসবির এক পরিদর্শককে বিপক্ষ দলের সমর্থক ভেবে মারধর করেন কাউন্সিলর ও তার নেতাকর্মীরা। এ ঘটনায় রাতেই মামলা করেন পুলিশের ওই কর্মকর্তা। পরে গভীর রাতে রামপুরা এলাকা থেকে নবনির্বাচিত কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকতকে গ্রেফতার করা হয়।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী জানান, গ্রেফতারকৃত কাউন্সিলর শওকতকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকত আওয়ামী লীগের সমর্থনে নির্বাচন করে বিজয়ী হন। তিনি ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
সূত্র: মানবকণ্ঠ

