
বার্তা প্রতিনিধি: ডাকাতির ভাগবাটোয়ারা নিয়ে ফেনীর ছাগলনাইয়ায় ডাকাতদলের দু’গ্রুপের গোলাগুলিতে মহিউদ্দিন সবুজ ওরফে সবুজ নামে একজন নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ একজনসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রাঁধানগর ইউনিয়নের বেতাগা বাবুল মিয়ার প্রজেক্টের পেছনে এ ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!নিহত সবুজ ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া ওয়ার্ডের আবদুল মোতালেব ওরফে তালেব চোরার ছেলে। গুলিবিদ্ধ পলাশ নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার থানারহাট গ্রামের নুরুল হকের ছেলে।
এ ঘটনায় ফারুক নামে একজনকে আটক করা হয়েছে। তার বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। তিনি আশ্রাফপুর উপজেলার নুরুল আমিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মুর্শেদ জানান, দুদল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে- এমন খবর পেয়ে বেতাগা প্রজেক্ট এলাকা অভিযান চালায় পুলিশ। তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অপর সদস্যরা পালিয়ে গেলেও ধাওয়া করে ফারুককে আটক করা হয়।
এ সময় ঘটনাস্থলে পড়েছিল গুলিবিদ্ধ সবুজের মৃতদেহ। সবুজ ডাকাত দলের সদস্য বলে স্থানীয়রা পুলিশকে নিশ্চিত করে। ময়নাতদন্তের জন্য রাতেই মৃতদেহ ফেনী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সবুজের বিরুদ্ধে চুরি ডাকাতি অস্ত্রসহ আটটি মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে একটি বন্দুক, পাঁচ রাউন্ড গুলি, একটি দা, তিনটি ছুরি, একটি চাপাতি, একটি রেঞ্জ ও একটি স্ক্রু ড্রাইভার জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশেল ওই কর্মকর্তা। তবে তাদের আরো যারা আছে তাদের গ্রেপতারের চেষ্টা চলছে।
সুত্র: বাংলাদেশ প্রতিদিন

