
রাজধানীর গেণ্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তাঁর সহযোগীদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের ঘটনা তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনারকে। তদন্তে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!আরো জানতে ক্লিক করুন: পদত্যাগ করছেন রাষ্টপতি, বঙ্গভবনে বিদাইয়ের সব প্রস্ততি শেষ
রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
প্রতিমন্ত্রীর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র তাক করে অভিযান পরিচালনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্তের জন্য ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে আইনের ব্যত্যয়ের বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অভিযানের একটি ভিডিও প্রকাশ করেন ইশরাক হোসেন। ভিডিওটি প্রকাশের পর আইন মেনে অস্ত্র ব্যবহার এবং ব্যক্তিগত উদ্যোগে এ ধরনের অভিযান পরিচালনার বৈধতা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইনজ্ঞরাও।
প্রতিমন্ত্রীর প্রকাশ করা ভিডিওটির শিরোনাম ছিল ‘ইশরাকের অ্যাকশন: মাদক আস্তানা গুঁড়িয়ে বিক্রেতাদের পুলিশে সোপর্দ’। ভিডিওতে দেখা যায়, হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে গাড়ি থেকে নামছেন ইশরাক। এরপর তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা রেললাইনের পাশে অবস্থানরত কয়েকজনকে আটক করতে এগিয়ে যান। এ সময় কয়েকজন যুবককে নিজেদের নির্দোষ দাবি করে বলতে শোনা যায়, ‘স্যার, আমি কিছু করিনি। আমি গরিব মানুষ স্যার।’ জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘পুলিশ আসবে, তারপর কথা হবে।’
অভিযানের সময় ইশরাকের সঙ্গে তাঁর নিয়োগ দেওয়া দুই দেহরক্ষী তোফাজ্জল হোসেন ও লাভলু উপস্থিত ছিলেন। তাঁদের কাছেও আগ্নেয়াস্ত্র ছিল। এ ছাড়া একজন সরকারি দেহরক্ষীকেও সেখানে দেখা যায়। ভিডিওতে ওই সরকারি দেহরক্ষীকে অস্ত্র তাক করতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, শনিবার রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদকের আস্তানা সন্দেহে আকস্মিক অভিযান চালান প্রতিমন্ত্রী। এ সময় মাদক কারবারে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগেও নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়েছেন ইশরাক হোসেন।
গেণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির সংবাদমাধ্যমকে জানান, প্রতিমন্ত্রী ছয়জনকে আটক করার পর থানায় ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিদের কাছ থেকে সাদা পাউডারজাতীয় পদার্থ পাওয়া গেছে বলেও জানান তিনি। পদার্থগুলো হেরোইন কি না, তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
এদিকে অভিযানে ইশরাকের হাতে থাকা আগ্নেয়াস্ত্রের বৈধতা এবং প্রকাশ্যে এভাবে অস্ত্র প্রদর্শনের আইনগত দিক নিয়ে প্রশ্ন উঠেছে। আইনজ্ঞদের মতে, মন্ত্রী বা প্রতিমন্ত্রী নির্বাহী বিভাগের দায়িত্বশীল ব্যক্তি হলেও মাঠপর্যায়ে সরাসরি পুলিশি অভিযান পরিচালনা কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার বিশেষ ক্ষমতা সংবিধান বা ফৌজদারি কার্যবিধিতে দেওয়া হয়নি।
আরো জানুন হাসপাতালের হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ পরীক্ষার পর হস্তান্তর
এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা, ২০১৬’ অনুযায়ী, বৈধ অস্ত্র ব্যবহার করে কাউকে ভয়ভীতি দেখানো, প্রদর্শনীবাজি করা কিংবা হয়রানি করা নিষিদ্ধ। আইনজ্ঞদের বক্তব্য অনুযায়ী, অপরাধী আটক বা আইন প্রয়োগের উদ্দেশ্যে ব্যক্তিগত অস্ত্র প্রকাশ্যে উঁচিয়ে অভিযান পরিচালনার বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে এ ঘটনায় আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কি না, তা পুলিশের তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।

