
শাকিল আহমেদ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এখন আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য। বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের ঐক্যের যোগসূত্র হবে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, গণতান্ত্রিক মূল্যবোধ, সাম্য ও ন্যায়বিচার এবং উন্নয়ন ও অগ্রগতি।’
তিনি বলেন, ‘বিজয়ের পর আমরা সরকার গঠন করেছি। সরকারের দৃষ্টিতে দলমত নির্বিশেষে দেশের সকল নাগরিক সমান। আমরা সবার জন্য কাজ করবো।’
শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। চতুর্থবারের মতো সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ এটি।
প্রধানমন্ত্রী বলেন, ‘একাদশ জাতীয় সংসদে বিরোধী দলের সদস্য সংখ্যা নিতান্তই কম। তবে সংখ্যা দিয়ে আমরা তাদের বিবেচনা করবো না। সংখ্যা যত কমই হোক, সংসদে যেকোনও সদস্যের ন্যায্য ও যৌক্তিক প্রস্তাব, আলোচনা, সমালোচনার যথাযথ মূল্যায়ন করা হবে। তিনি দলমত নির্বিশেষে সকলকে সংসদে এসে জনগনের পক্ষে কথা বলার জন্য আহবান জানান।
সূত্র: বাংলা ট্রিভিউন

