Sunday, May 10বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন সারোয়ার জাহান

বার্তা প্রতিনিধি: গত সোমবার বিকেলে ঢাকায় কাজ শেষে ঢাকা ম্যাচ ফ্যাক্টরির সামনে থেকে নারায়ণগঞ্জের বাড়িতে ফিরতে একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়েন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সারোয়ার জাহান। অটোরিকশাতে উঠেই তিনি একটি ব্যাগ দেখেন। ব্যাগটি সম্পর্কে চালক সোহাগ মোল্লাকে জিজ্ঞাসা করলে ব্যাগের বিষয়ে তিনি কিছুই বলতে পারেননি। এর পর ব্যাগটি খুলে সারোয়ার জাহান বেশ কয়েকটি টাকার বান্ডিল এবং একটি পাসপোর্টের ফটোকপি দেখতে পান। এতে তিনি ধারণা করেন, টাকার ব্যাগটি কোনো যাত্রী ভুল করে ফেলে গেছেন। এর পর গাড়িতে করেই তিনি সোজা চলে যান নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায়। টাকাভর্তি ব্যাগটি তুলে দেন ওসি শাহ মঞ্জুর কাদেরের হাতে। অনুরোধ করেন, যেন টাকার প্রকৃত মালিককে খুঁজে ফেরত দেওয়া হয়। ব্যাগে এক হাজার টাকার তিনটি এবং পাঁচশ’ টাকার দুটি বান্ডিলসহ মোট চার লাখ টাকা ছিল।

Thank you for reading this post, don't forget to subscribe!

সততার এই বিরল দৃষ্টান্ত স্থাপনকারী সারোয়ার জাহান বেসরকারি ইউসিবি ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার জুনিয়র অফিসার পদে কর্মরত।

এদিকে, টাকার ব্যাগ হারিয়ে পাগলপ্রায় মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানার বাসিন্দা শাহীন শিকদার। তিনি সোমবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে গিয়ে টাকা হারানোর বিষয়টি জানিয়ে চালককে খুঁজতে থাকেন। ওই সময় চালক সোহাগ মোল্লা তার স্ট্যান্ডে ফিরে যান। সব শুনে সোহাগ বুঝতে পারেন, তার গাড়ি থেকে যে টাকার ব্যাগ উদ্ধার হয়েছিল, সেটির মালিক শাহীন শিকদার। দেরি না করে শাহীন শিকদারকে ফতুল্লা মডেল থানায় নিয়ে যান সোহাগ। পরে শাহীন শিকদারের কাছ থেকে পাসপোর্টের আরেকটি ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি রেখে টাকা বুঝিয়ে দেওয়া হয়।

ওসি শাহ মঞ্জুর কাদের বলেন, কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে সততার পরিচয় দিয়েছেন ব্যাংকার সারোয়ার জাহান। তার মতো মানুষ পাওয়া বিরল।

টাকা ফেরত পেয়ে শাহীন শিকদার আল্লাহর কাছে শুকরিয়া করে সারোয়ার জাহানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *