
বার্তা প্রতিনিধি: এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শাবনূর একমাত্র ছেলে আইজান নেহানের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার সিডনিতে গিয়েছেন। আর সেখানে তিনি তার ছেলের ভর্তি কার্যক্রম সম্পন্ন করে মাস তিনেক পর দেশে ফিরবেন বলে জানা গেছে। তিনি চান তার ছেলে আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠুক। সে জন্যই তিনি এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!অস্ট্রেলিয়া প্রবাসী অনিক মাহমুদকে ২০১১ সালে বিয়ে করেন শাবনূর। বিয়ের দুই বছরের মাথায় স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন তিনি। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তাদের ছেলের জন্ম হয়।
শাবনূর সবশেষ মোস্তাফিজুর রহমান মানিকের ‘এতো প্রেম এতো মায়া’ নামে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। যদিও এখনো ছবিটির শুটিং শেষ হয়নি।
নব্বই দশকের নায়িকা শাবনূর সবশেষ ক্যামেরার সামনে এসেছিলেন ২০১৫ সালে। ছবির নাম ‘পাগল মানুষ’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত শাহেদ চৌধুরী।
প্রখ্যাত পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় শাবনূরের। ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিকের ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। তবে ছেলের জন্য তিনি সিডনিতে থাকবেন এবং ভাল ছবিতে সুযোগ পেলে তিনি বাংলাদেশে এসে ছবির শুটিং করবেন বলে জানান।
সুত্র: মানবকণ্ঠ

