
বার্তা প্রতিনিধি: চিত্রনায়িকা পরীমনির সঙ্গে সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ দ্বিতীয়বারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন। ছবির নাম ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ছবিটি সরকারি অনুদানে নির্মাণ করা হবে। ছবিটি পরিচালনা করবেন আবু রায়হান জুয়েল। একাধিক সূত্র ইতোমধ্যেই তাদের কাজের বিষয়টি নিশ্চিত করেছেন। ‘২০১৮-২০১৯ অর্থবছরে ‘নসু ডাকাত কুপোকাত’ নামে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় ছবিটির পাণ্ডুলিপি। মোহাম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন। পরে ছবিটির নাম পরিবর্তন করে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ রাখা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!এ বিষয়ে জানতে নির্মাতা আবু রায়হান জুয়েলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এরই মধ্যে আমরা ছবিটির প্রি-প্রডাকশনের কাজ শেষ করেছি। ছবিটিতে মুহাম্মদ জাফর ইকবাল স্যার একাধিক গান লিখেছেন। আগামী ১৩ মার্চ থেকে এর শুটিং শুরু করব। তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ভালো একটি ছবি নির্মাণের। সিয়াম আহমেদ বলেন, ‘ছবিটি নিয়ে আমার সঙ্গে কথা হয়েছে। এখনো চূড়ান্ত হয়নি। আমার সিডিউলজনিত একটু ঝামেলা আছে। আমি যদি এই ঝামেলা কাটাতে পারি তবে কাজ করব। আগামী ১৩ মার্চ থেকে সুন্দরবনের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হবে বলে নির্মাতা জানান।
প্রসঙ্গত, এর আগে চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘বিশ্বসুন্দরী’ ছবিতে জুটি বেঁধেছেন সিয়াম ও পরীমনি। ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।
সূত্র: মানবকণ্ঠ

