
বর্তমান অন্তবর্তী সরকার প্রধান অধ্যাপক ড. ইউনুসের গড়া প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে টাকার ভোল্টের কোনও ক্ষতি হয়নি।
Thank you for reading this post, don't forget to subscribe!গ্রামীন ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার কলিম উদ্দিন ও নাইটগার্ড কুতুব আলী জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার পর ব্যাংকের বাইরে থেকে কাঠের লাকড়ির মাথায় পেট্রল ঢেলে আগুন লাগানো হয়। নাইটগার্ড কুতুব আলী বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক ব্যাংক ব্যবস্থাপককে অবহিত করেন। পরে ব্যাংক ব্যবস্থাপকসহ স্থানীয়রা ঘটনা এসে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে বিজয়নগর ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।
আগুনের ঘটনায় আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
গ্রামীন ব্যাংকে আগুনের ব্যাপারে শাখা ব্যবস্থাপক কলিম উদ্দিন জানান, কারা আগুন দিয়েছে জানা যায়নি। ঘটনা সম্পর্কে থানায় লিখিত অভিযোগ (জিডি) করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

